চাটগাঁ নিউজ ডেস্ক : নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন পরিবেশবান্ধব কনটেইনার টার্মিনাল হিসেবে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল। দক্ষিণ এশিয়ার প্রথম গ্রিন গেটওয়ে হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া এই প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ববিষয়ক স্টেট সেক্রেটারি এলসবেথ সন্ডারগার্ড ক্রোন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রকল্প এলাকা পরিদর্শনে গেলে তাঁকে স্বাগত জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এ সময় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে ডেনিশ প্রতিনিধিদলকে বিস্তারিত অবহিত করা হয়। পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন এলসবেথ ক্রোন।
সফরকালে তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মিলান ক্রিস্টোফার ঝা। প্রতিনিধিদল প্রকল্পের বর্তমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশ ও ডেনমার্কের সরকারি-বেসরকারি অংশীদারত্বের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের কৌশলগত বিভিন্ন মাইলফলক নিয়ে আলোচনা করেন।
এ সময় এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএসের পরিচালক ইসরাফিল কাইয়ুম খান, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্ট্রো এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিড উপস্থিত ছিলেন।
ডেনিশ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সহযোগিতায় বাস্তবায়নাধীন লালদিয়া কনটেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে আঞ্চলিক সমুদ্রবাণিজ্য ও পণ্য পরিবহনে গতিশীলতা আসবে। দ্রুতগতির ই-পোর্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশগত স্থায়িত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রকল্পটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর পরিচালনব্যবস্থা। কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অবদান রাখার লক্ষ্যে টার্মিনালটিতে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে পরিবেশগত স্থায়িত্বের নতুন মানদণ্ড প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এপিএম টার্মিনালসের অংশীদারত্বে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ বাংলাদেশের বন্দর ও সামুদ্রিক লজিস্টিকস খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে টেকসই অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে।
চাটগাঁ নিউজ/এসএ






