কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩, আহত ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক মা ও তার শিশুসন্তানসহ আরো ৩ জন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ও চালক।

পুলিশ জানায়, সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক মোহাম্মদ ইব্রাহিম বলেন, বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে বাসটির সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দ শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। অটোরিকশাটি দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে আহত ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে আসি।

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান।

এদিকে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা এবং নিহত ব্যক্তিদের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঈদগাঁও থানা পুলিশ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top