চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে দুর্বৃত্তের অতর্কিত গুলিতে ছয়জন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সিএনজিচালিত অটোরিকশাচালককে আটক করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট বাজারে শফি মেম্বারের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে একটি সিএনজি অটোরিকশাযোগে পশ্চিম সুয়াবিল শোভনছড়ির দিক থেকে সিএনজি অটোরিকশাযোগে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত বোরকা পরে এসে চুরখাঁরহাট বাজার মোড়ে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে করতে থাকেন। একপর্যায়ে তারা উত্তরে চৌমুহনীর দিকে চলে যায়। চৌমুহনী মোড়ে গিয়ে সেখানেও সিএনজি থেকে ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে এগোয়। এতে পথচারী, ব্যবসায়ী ও চালকসহ অন্তত ছয়জন আহত হন।
আহতরা হলেন- জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।
আটক করা সিএনজিচালকের ভাষ্যমতে, নাজিরহাট ঝংকার মোড় থেকে সুয়াবিল শোভনছড়ি যাবে বলে পাঁচজন অপরিচিত লোক সিএনজিটি ভাড়া করে। তারা চুরখাঁরহাট বাজারে পৌঁছালে সিএনজিতে বসা অবস্থায় এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। পরে তারা তাকে জিম্মিকরে সিএনজি নিয়ে চৌমুহনীর দিকে চলে যেতে বলেন। পাঁচজনই অস্ত্রধারী হওয়ায় অসহায়ের মতো চলে যাই।
সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনসুর আলী বলেন, ঘটনার পর থেকে শত শত মানুষ বাজারে জমায়েত হয়। তারা ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এখনো রয়েছি। পরিস্থিতি শান্ত। সিএনজি ও চালক আটক আছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত অপরাধীদের সনাক্ত করা যাবে।’
চাটগাঁ নিউজ/আনোয়ার/এসএ






