চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-বিরোধী মিছিল চলাকালে মো. পারভেজ নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরের আকবর শাহ থানাধীন কর্ণেলহাট এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
জানতে চাইলে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন বলেন, দুজনের মধ্যে পূর্ববিরোধ থেকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইসমাইল হোসেন সাগর নামের ছুরিকাঘাতকারী ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে এ বিষয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ চাটগাঁ নিউজকে বলেন, মিছিলে আমি ছিলাম। মিছিল চলাকালে স্বেচ্ছাসেবক দলের কর্মী পারভেজকে ইসমাইল হোসেন সাগর নামের একজন ছুরিকাঘাত করে। তবে ছুরিকাঘাতকারি স্বেচ্ছাসেবক দলের কেউ নয়। তাদের দুজনের মধ্যে পূর্ববিরোধ ছিল বলে জানতে পেরেছি।
ঘটনাস্থলে যাওয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন বলেন, বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-বিরোধী একটি প্রতিবাদ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। ওই মিছিল চলাকালে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






