এইচএসসি পুনর্মূল্যায়ন: চট্টগ্রাম বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ১০১ জন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০১ শিক্ষার্থী। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ২৩৮ জন। সব মিলিয়ে পুনঃনিরীক্ষণের পর ২ হাজার ৪৩ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এ পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেন।

তাঁরা বিভিন্ন বিষয়ের মোট ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন করেছিলেন। যাচাই শেষে ২ হাজার ৪৩ জনের ফলাফলে পরিবর্তন আসে। সে হিসাবে প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে প্রায় সাড়ে সাতজনের ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ৯৪৮ জন ছাত্র এবং ১ হাজার ৯৫ জন ছাত্রী।

পুনর্নিরীক্ষণে নতুন করে পাস করা ২৩৮ শিক্ষার্থীর মধ্যে ১০১ জন জিপিএ-৫ অর্জন করেছেন। নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ৩৩ জন এবং মানবিক বিভাগের ৯ জন রয়েছেন। অর্থাৎ নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রায় ৫৮ শতাংশই বিজ্ঞান বিভাগের।

পরিসংখ্যানে আরও দেখা যায়, পুনর্নিরীক্ষণের ফলে ১ হাজার ৫১৮ শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। এ ছাড়া ৯০ শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট বাড়লেও তাদের সামগ্রিক সিজিপিএতে কোনো পরিবর্তন আসেনি।

বিষয়ভিত্তিক ফল পরিবর্তনের হিসাবে দেখা গেছে, ১ হাজার ৯৬৭ শিক্ষার্থীর একটি বিষয়ে, ৭৪ জনের দুটি বিষয়ে এবং দুজনের তিনটি বিষয়ে ফল পরিবর্তন হয়েছে।

তবে নম্বর বাড়লেই যে পাস নিশ্চিত হয়েছে, তা নয়। পুনর্নিরীক্ষণ ৪৩৫ শিক্ষার্থীর নম্বর বাড়লেও তারা অকৃতকার্য থেকে উত্তীর্ণ হতে পারেননি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top