চাটগাঁ নিউজ ডেস্ক: চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন- একজন চিকিৎসক হিসেবে আমি বিশ্বাস করি, জনস্বাস্থ্য সুরক্ষা শুধু হাসপাতাল নির্মাণ কিংবা চিকিৎসাসেবা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়। রোগ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যশিক্ষা, নিয়মিত শরীরচর্চা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে।
এ লক্ষ্যেই আমরা চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটিতে রূপান্তরের জন্য সমন্বিতভাবে কাজ করছি।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল ডিজিজেস (বিএসআইটিডি) এবং টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশের (টিএসবি) যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ১৪তম জাতীয় ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি সম্মেলন (BanTropTox 2026) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুই দিনব্যাপী সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৪০০ চিকিৎসক, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন। এতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩৫ জন ডেলিগেট ও ফ্যাকাল্টি অংশ নেন।
প্রথম দিনের বিভিন্ন বৈজ্ঞানিক অধিবেশনে মোট ৩৫টি গবেষণাপত্র ও ১২টি পোস্টার উপস্থাপন করা হয়। সম্মেলনে কীটনাশক ও রাসায়নিক বিষক্রিয়া, ওষুধজনিত বিষক্রিয়া, সর্পদংশন ব্যবস্থাপনা, ভেনোমিক্স, অ্যান্টিভেনোমিক্স, ম্যালেরিয়া নির্মূল, টিকাবিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি, জাতীয় পয়জন সেন্টার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং জনস্বাস্থ্য গবেষণায় জনগণের সম্পৃক্ততাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের গুরুত্ব তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্র। এই সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সংক্রামক রোগ, বিষক্রিয়া, সর্পদংশন, টিকাদান ও জনস্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন। আমি আশা করি, এখানকার বৈজ্ঞানিক আলোচনা ও সুপারিশ দেশের
চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনস্বাস্থ্য নীতি প্রণয়ন এবং রোগ প্রতিরোধ কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করবে। একজন চিকিৎসক ও নগর প্রশাসক হিসেবে চিকিৎসাবিজ্ঞানের গবেষণাকে বাস্তব জনস্বাস্থ্য উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করার যেকোনো উদ্যোগে সহযোগিতা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
ডা. শাহাদাত বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, উষ্ণ ও আর্দ্র জলবায়ু, ঘনবসতি এবং পরিবর্তিত পরিবেশগত পরিস্থিতির কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষ্মা, টাইফয়েডসহ বিভিন্ন সংক্রামক ও গ্রীষ্মমণ্ডলীয় রোগ জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে কীটনাশক ও রাসায়নিক দ্রব্যের বিষক্রিয়া, সর্পদংশন, অতিরিক্ত ওষুধ সেবন এবং পরিবেশগত বিষাক্ত উপাদানের প্রভাব আমাদের স্বাস্থ্যব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর জনস্বাস্থ্য উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
নগরের পরিচ্ছন্নতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, আমরা নগরীর খাল, নালা, ড্রেন ও উন্মুক্ত স্থান নিয়মিত পরিষ্কারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। খাল-নালা পরিষ্কার রাখলে একদিকে জলাবদ্ধতা কমানো সম্ভব, অন্যদিকে মশার সম্ভাব্য প্রজননস্থলও হ্রাস পায়। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রচলিত কার্যক্রমের পাশাপাশি আমরা ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরায়েলেনসিস বা বিটিআই প্রয়োগ শুরু করেছি। এটি একটি জৈবিক লার্ভিসাইড, যা মশার লার্ভা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে শুধু সিটি করপোরেশনের উদ্যোগে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে।
শিশুস্বাস্থ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় স্কুল হেলথ কার্ড কর্মসূচি চালু করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ, স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মেট ক্লাব চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে ওঠে। আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা শিক্ষার পাশাপাশি নিজের স্বাস্থ্য, পরিবেশ ও সমাজের প্রতিও দায়িত্বশীল হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতার মানোন্নয়নের বিষয়টি উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, একটি হাসপাতালের চিকিৎসার মানের সঙ্গে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশের নিবিড় সম্পর্ক রয়েছে। হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন থাকলে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। এ কারণে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থার মানোন্নয়নে পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি নগরীর শিশুদের টিকাদান কার্যক্রমে গতি আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়মিত টিকাদানের পাশাপাশি বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে বিশেষ ক্যাচআপ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে, টিকাদানযোগ্য কোনো শিশু যেন প্রয়োজনীয় টিকা থেকে বঞ্চিত না হয়।
একটি পরিচ্ছন্ন নালা, একটি খেলার মাঠ, একটি সবুজ উদ্যান, একটি স্বাস্থ্যসম্মত বিদ্যালয় কিংবা একটি পরিচ্ছন্ন হাসপাতালকে আলাদা উন্নয়ন কার্যক্রম মনে হতে পারে। কিন্তু জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এগুলো পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এসব উদ্যোগ সম্মিলিতভাবে রোগ প্রতিরোধ, সুস্থ জীবনযাপন এবং একটি স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে সহায়তা করে। তাই নগর পরিকল্পনা, পরিবেশ ব্যবস্থাপনা, শিক্ষা, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।’
সংক্রামক রোগ ও বিষক্রিয়াজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ, পরিবেশদূষণ এবং সংক্রামক রোগের পরিবর্তিত ধরন আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব সমস্যা মোকাবিলায় চিকিৎসক, গবেষক, বিশ্ববিদ্যালয়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। বৈজ্ঞানিক গবেষণা শুধু গবেষণাপত্র প্রকাশ কিংবা সম্মেলনের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণার ফলাফলকে বাস্তবভিত্তিক নীতি, উন্নত চিকিৎসাপদ্ধতি এবং জনগণের কল্যাণে কার্যকর কর্মসূচিতে রূপান্তর করতে হবে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডা. মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. এম এ ফয়েজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিনসহ বিশিষ্ট চিকিৎসক, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে অধ্যাপক মো. আবুল ফয়েজ সম্পাদিত ‘সবার জন্য স্বাস্থ্য জ্ঞান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বক্তারা দেশে টক্সিকোলজি ও সংক্রামক রোগবিষয়ক চিকিৎসা ও গবেষণায় প্রফেসর ডা. এম এ ফয়েজের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






