অতীতে দেশের সম্পদ লুটপাটের মাশুল এখনো দিতে হচ্ছে: অর্থমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক :  অতীতে দুর্বৃত্তায়নের মাধ্যমে দেশের সম্পদ লুটপাটের মাশুল এখনো দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিগত সরকারের দুর্নীতির কারণে দেশের ঘাড়ে বিপুল ঋণের বোঝা চেপেছে। বিপর্যস্ত ব্যাংকিং খাত ও ক্ষতিগ্রস্ত শেয়ারবাজার সামাল দিতে হচ্ছে বর্তমান সরকারকে।

শুক্রবার (২০ নভেম্বর) ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের টাইগারপাসের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে মেলাটি হচ্ছে।

আমির খসরু বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে এখনো দুর্বৃত্ত চক্র সক্রিয়। তারা চায় না বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছাক কিংবা এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাক। এই অপচেষ্টা প্রতিহত করতে সরকার, রাজনীতিবিদ, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

তার মতে, অর্থনীতিকে অল্প কিছু মানুষের হাতে পুঞ্জীভূত করার পুরোনো ব্যবস্থা ভাঙতে হবে। রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছায়।

চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বড় পরিসরে পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট থাকার সুযোগ নেই। চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ জন্য প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থনে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা শুধু বাংলাদেশের অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো অঞ্চলের অর্থনীতির চালিকাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এ বন্দরের। সেই সম্ভাবনা কাজে লাগাতে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সমন্বিত উন্নয়ন প্রয়োজন।

বন্দরের কার্যক্রমে দক্ষতা বাড়াতে বেসরকারি খাতকে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, আন্তর্জাতিক মানে পৌঁছাতে বন্দরের পরিচালনব্যবস্থায় দক্ষতা বাড়াতে হবে। এ জন্য সব বন্দর পরিচালনা বেসরকারি খাতের ব্যবস্থাপনায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

চট্টগ্রাম বন্দর নদীবন্দর হওয়ায় প্রাকৃতিক গভীরতার সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু নদীবন্দর দিয়ে বিশ্বের বড় জাহাজের মাধ্যমে সরাসরি বাণিজ্য পরিচালনা সম্ভব নয়। এ কারণে গভীর সমুদ্রবন্দর নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার। মহেশখালী ও খুলনায় ১৫ থেকে ২০ মিটার ড্রাফটের গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি সিঙ্গাপুরের পিএসএসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে টার্মিনাল সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় বিমানবন্দরের অবকাঠামো সম্প্রসারণ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শিগগির শুরু হবে। সেখানে বিশেষায়িত কার্গো ভিলেজ ও কোল্ড চেইন স্টোরেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে পচনশীল পণ্য সংরক্ষণ ও আন্তর্জাতিক বাজারে সরবরাহ সহজ হবে।

এছাড়া দুবাইয়ের জেবেল আলি ফ্রি পোর্টের আদলে চট্টগ্রামে ফ্রি পোর্ট সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ২০০ থেকে ৩০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের আধুনিক ওয়্যারহাউস নির্মাণ করা হবে। এসব অবকাঠামো বাংলাদেশের পাশাপাশি আঞ্চলিক বাজারেও লজিস্টিকস সেবা দেবে।

শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধির জন্য বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন আমির খসরু। তিনি বলেন, জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা ছাড়া কোনো অর্থনীতি এগোতে পারে না। অতীতে তৈরি হওয়া বিদ্যুৎ ও গ্যাসসংকট নিরসনে সরকারের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং কাজ শুরু হয়েছে।

জ্বালানি সরবরাহ বাড়াতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মহেশখালীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে একটি কোরীয় কোম্পানি কাজ শুরু করেছে। এতে একটি জাপানি কোম্পানিও যুক্ত হয়েছে।

ব্যবসায়ী সমাজকে অন্তত দুই বছর সময় দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার দিনই তিনি বাস্তব পরিস্থিতি পরিষ্কার করেছেন। এক বা দুই দিনে সমস্যার সমাধান সম্ভব নয়। তবে আগামী দুই বছরের মধ্যে জ্বালানি খাতে টেকসই ও স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে।

দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করার কথা জানিয়ে আমির খসরু বলেন, বিগত সরকারের দুর্নীতি ও অপশাসনের কারণে তৈরি অর্থনৈতিক সংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে। এসব প্রতিকূলতার মধ্যেও সরকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি জানান, এডিবির সঙ্গে ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন কাঠামো চুক্তি হয়েছে। এ অর্থায়নের বড় একটি অংশ চট্টগ্রামের বিমানবন্দর সম্প্রসারণ, লজিস্টিকস সেন্টার ও চট্টগ্রাম হেলথ সিটির মতো প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সরকারের পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), জাপানের জাইকা, কোরিয়া, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক একাত্ম হয়েছে বলেও জানান তিনি।

আমির খসরু বলেন, দেশের পুঁজিবাজারে আন্তর্জাতিক মানের বড় ইকুইটি হোল্ডার ও বন্ড বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। সরকারের কৌশলগত নীতিমালা বাস্তবায়িত হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। আগামী পাঁচ বছরে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের আশ্বাস দেন তিনি।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিরুল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

এবারের মেলায় ২০টি বৃহৎ প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন ও ২১৬টি স্টলে ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করছেন।

দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে আকর্ষণীয় প্রবেশদ্বার, ফুড জোন, মসজিদ ও শিশুদের জন্য দুটি প্লে-জোন। এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে বিনা মূল্যে স্টল দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top