আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় পিএবি সড়কে হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বুধবার দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় সড়কে এ ঘটনা ঘটে। এ সময় মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লগি-বইঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু দেখা যায়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কে ২০ থেকে ৩০ জন যুবক হেলমেট ও মুখোশ পরে জড়ো হন। পরে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। এ সময় সড়কে পেট্রল ঢেলে আগুন জ্বালানো এবং গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা যায় তাঁদের। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু ছিল।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়কে মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য সৃষ্টির সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ






