বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক : অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্ডাস্ট্রির (শিল্পখাত) সঙ্গে যুক্ত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান কর্মসূচি।

বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে এর কেন্দ্রীয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, এই সরকারের একটি বড় কর্মসূচি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে রিসার্চের মাধ্যমে ইন্ডাস্ট্রি সেক্টরের সঙ্গে বড় ধরনের সংযোগ ঘটিয়ে দেওয়া; এ নিয়ে আমাদের একটি বড় প্ল্যান আছে।

আমি আশা করি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের গবেষণার সূচনা করতে পারব এবং ইন্ডাস্ট্রির সঙ্গে মিলে কাজ করতে পারব। এগ্রিকালচারের সঙ্গে মিলে কাজ করতে পারব, মেরিনের সঙ্গে মিলে কাজ করতে পারব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির সমৃদ্ধ অ্যালামনাই, অভিজ্ঞ শিক্ষক ও প্রাকৃতিক পরিবেশ রয়েছে। পাহাড়, সমুদ্র ও নদীবেষ্টিত এই বিশ্ববিদ্যালয়ের আলাদা সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা প্রয়োজন।

তিনি বলেন, এআই এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে, এআই-এর মাধ্যমে—আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে একটি ভালো রেটিং ও বড় ধরনের জায়গায় নিয়ে যেতে পারব বলে আমি বিশ্বাস করি।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, অ্যালামনাই ও সংশ্লিষ্ট সবার প্রতি মুক্ত আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মুক্ত আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা একটি উচ্চতর পর্যায়ে কীভাবে নিয়ে যেতে পারি, তা নিয়ে আলোচনা করা দরকার। এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে তিনি হীরকজয়ন্তীর আয়োজনে অংশ নিতে পারিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হতো।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top