ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে এক প্রবাসীর বসতঘরের দরজার তালা ও আলমারির লক ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে নাজিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাবুনগর বোর্ড স্কুল এলাকার মরহুম মোবারক আলী সাহেবের বাড়িতে প্রবাসী আমিনুল ইসলামের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী তিন সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। শুক্রবার বিকেলে বাবার অসুস্থতার খবর পেয়ে সন্তানদের নিয়ে রোসাংগিরী এলাকায় তার পৈতৃক বাড়িতে যান তিনি। এ সময় বসতঘরের মূল দরজায় তালা লাগিয়ে যান।
পরদিন সকালে বাড়িতে ফিরে ঘরের দরজার তালা ও শয়নকক্ষের স্টিলের আলমারির লক ভাঙা দেখতে পান। পরে আলমারি খুলে ১ ভরি ২২ ক্যারেট ওজনের স্বর্ণালংকার, তিনটি স্মার্টফোন, নগদ ২৫ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম (ওসি) জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






