চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন দায়িত্ব নেওয়ার আগে ছাত্রদল, নগর বিএনপি ও কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনে কাজ করার সময় তারেক রহমানের মানবিক চিন্তাভাবনা ও দেশের মানুষের জন্য তার পরিকল্পনা অনুধাবন করেছেন শাহাদাত। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন।
আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার অভিযাত্রায় ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর হেলাল বলেন, শাহাদাত হোসেনের কাছে শুধু নগরের মানুষই নয়, চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকেও মানুষ আসেন। তিনি তার সামর্থ্য অনুযায়ী সবাইকে সহযোগিতা করার চেষ্টা করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নকাজের প্রচার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মেয়রের অধীন দক্ষিণ পাহাড়তলী ও জালালাবাদ—এই দুটি ওয়ার্ডে কী কী কাজ হয়েছে, তা জানতে কয়েক দিন আগে মেয়রের সঙ্গে বসেছিলাম। সেখানে কাজের বিবরণ দেখে আমার ধারণা হয়েছে, দুটি ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকার কাজ হয়েছে। অথচ এসব উন্নয়নকাজের প্রচার নেই বললেই চলে।
তিনি বলেন, উন্নয়নকাজ করার পাশাপাশি সেগুলো মানুষের কাছে তুলে ধরাও জরুরি। তা না হলে যারা সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বক্তব্যই প্রতিষ্ঠা পায়। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। প্রতিদিন পাঁচটি পোস্ট হলেও সরকারের কাজের কথা প্রচার করতে হবে।
চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণায় গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে মীর হেলাল বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। ধারণাটি বাস্তবায়ন করা গেলে নবায়নযোগ্য জ্বালানি, পাখির অভয়ারণ্য ও বিনোদন পার্কসহ নানা উদ্যোগের মাধ্যমে নগরবাসীকে সুন্দর পরিবেশ উপহার দেওয়া সম্ভব হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান তিনি।
নগরের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ডা. শাহাদাত হোসেন একা চাইলেই চট্টগ্রামের সব সমস্যার সমাধান করতে পারবেন না। সিটি করপোরেশন, জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদেরও এ উদ্যোগে সম্পৃক্ত হতে হবে।
নগরের ফুটপাত দখল ও যানজটকে বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ফুটপাত থেকে হকারদের সরিয়ে দিলেই হবে না, তাদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে তাদের কোথায় স্থানান্তর করা হবে, সে বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে। এতে হকারদের জীবিকাও ক্ষতিগ্রস্ত হবে না, নগরবাসীও উপকৃত হবেন।
পার্কিং সমস্যার প্রসঙ্গ তুলে মীর হেলাল বলেন, নগরে গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা না থাকলেও যানবাহনকে পার্কিংয়ের টিকিট দেওয়া হচ্ছে। পার্কিংয়ের ব্যবস্থা না করে টিকিট দেওয়ার বিষয়টি একজন নাগরিকের জন্য প্রশ্ন তোলার মতো পরিস্থিতি তৈরি করে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা পরিষদ ও সিডিএর মাধ্যমে যেসব উন্নয়নকাজ হচ্ছে, সেগুলো সরকারের কাজ। রাজনৈতিক মতপার্থক্য ও ব্যক্তিগত মনোমালিন্য দূরে রেখে এসব কাজ মানুষের সামনে তুলে ধরতে হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে, সেটিও জনগণকে জানাতে হবে।
চট্টগ্রামের জন্য শিগগিরই বেশ কয়েকটি বড় জনকল্যাণমূলক প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে শুধু নগরবাসী নয়, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মানুষও উপকৃত হবেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সদস্যসচিব নাজিমুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন।
চাটগাঁ নিউজ/জেএইচ






