আ. লীগের পলাতক নেতাদের গালি দেওয়া ভাইরাল সেই অ্যাডভোকেট কামাল আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগের নেতৃস্থানীয় পলাতক নেতাদের গালাগাল করে ভাইরাল হওয়া অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকা থেকে তাকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার (এসআই) তীথংকর দাশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। খবর পেয়ে স্থানীয় জনতা ওই বাসা ঘেরাও করে তাকে আটক করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

আটক এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করা এই আইনজীবী সম্প্রতি ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে তিনি ৬৪ জেলায় কমিটি দেওয়ার ঘোষণাও দেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ জানান, স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top