রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উচ্চক্ষমতার ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে কিশোর মিনহাজ ও নির্মাণ শ্রমিক অন্তরের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এসময় তারা এলাকা থেকে অরক্ষিত বিদ্যুৎ সংযোগ সরানোর দাবি জানান।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় নিহত মিনহাজের পরিবারের সদস্যবৃন্দ ও বনগ্রাম এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার আবুল খায়ের কলোনিতে মো. হাবিব নামে এক ব্যক্তি ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের গা-ঘেঁষে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণ করছিলেন। এই ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করতে গিয়ে গত ৬ নভেম্বর বিদ্যুৎস্পৃষ্ট হন নির্মাণ শ্রমিক মোহাম্মদ অন্তর (২০)। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর দুপুরে তিনি মারা যান। এর মাত্র দুই মাস আগে একই ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারায় ১৪ বছর বয়সী কিশোর মিনহাজ, যা সে সময় ধামাচাপা দেওয়া হয়েছিল।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইলিয়াস সিকদার, শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান সালমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, চন্দ্রঘোনা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ এরফান ও যুবদল নেতা নেয়ামত উল্লাহ। এছাড়াও হৃদয়বিদারক বক্তব্য দেন ২০১৮ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ১৪ বছর বয়সী লিজার পিতা মো. ফারুক এবং নিহত মিনহাজের পিতা মোহাম্মদ তৈয়্যব প্রকাশ কালু।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চন্দ্রঘোনা বনগ্রাম, হাফেজপাড়া ও আবুল খায়ের কলোনি এলাকার বসতবাড়ির ওপর দিয়ে নিচু উচ্চতায় ১১ হাজার ও ৩৩ হাজার ভোল্টের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন টেনে নেওয়া হয়েছে। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে গত ৫-৬ বছরে এই এলাকায় অন্তত ১৫ জনেরও বেশি মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন।
মানববন্ধন থেকে অবিলম্বে অভিযুক্ত ভবন মালিক হাবিবকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ ওই ভবনের নির্মাণকাজ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা এবং বিপিডিবি কর্তৃপক্ষের মাধ্যমে জনবহুল এলাকা থেকে অরক্ষিত বিদ্যুৎ লাইন নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার জোর দাবি জানানো হয়।
চন্দ্রঘোনা লিচুবাগান কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে থাকা আশরাফুল ইসলাম জানান, এলাকাটি জনবহুল হয়ে ওঠায় লাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া জরুরি।
চাটগাঁ নিউজ/জগলুল/এসএ






