চট্টগ্রামে যুবককে ‘পিটিয়ে হত্যা’, লাশ ফেলে পালানোর সময় ধরে ফেলে জনতা

চাটগাঁ নিউজ ডেস্ক : বাই সাইকেল ‘চুরির’ অভিযোগে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এক যুবককে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাশ মাঠে ফেলে পালানোর সময় মোহাম্মদ মুসা (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ বলছে, বৃহস্পতিবার বিকেলে পতেঙ্গার চরপাড়ার একটি মাঠে ২২ বছর বয়সি মোবারক ইসলামকে লাঠি ও বাঁশ দিয়ে পেটায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুসা ও তার ছেলেরা।

নিহত মোবারক আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির ছেলে। তারা পতেঙ্গা থানার চরপাড়া এলাকার বাসিন্দা। বাবার চায়ের দোকানের কাজে সহযোগিতা করত মোবারক।

গ্রেপ্তার মোহাম্মদ মুসা স্থানীয় এভারগ্রিন কটন কারখানা নামের একটি প্রতিষ্ঠানের কেয়ারটেকার পদে চাকরি করেন।

পতেঙ্গা থানার ওসি পারভেজ আলী বলেন, কয়েকদিন আগে মুসার ছেলেদের একটি বাই সাইকেল চুরি হয়। সেই সাইকেল চুরির সন্দেহে মোবারককে ডেকে নিয়ে কারখানা সংলগ্ন মাঠে মারধর করে মুসা ও তার ছেলেরা। পরে মোবারককে সেখানে নির্মাণ সামগ্রী রাখার একটি স্টোরে নিয়ে আটকে আবার মারধর করা হয়। পরে এক পর্যায়ে মোবারক অচেতন হয়ে গেলে তারা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার যখন জানায়, মোবারক মারা গেছে তাকে আবার মাঠে এনে ফেলে পালিয়ে যাচ্ছিল মুসা ও তার সঙ্গে থাকা লোকজন।

তিনি বলেন, স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মুসাকে আটকে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি। এই ঘটনায় নিহত মোবারকের বাবা মুসাসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।

ঘটনার পর পালিয়ে যাওয়া মুসার দুই ছেলেসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে ওসি পারভেজ আলী জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top