লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহাদুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগাড়া থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আহাদুল ইসলাম বরিশাল জেলার মঠবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে লোহাগাড়া থানার সামনে সড়কের পাশে একটি সাইনবোর্ড স্থাপনের কাজ করছিলেন তারা। ওপরে ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের বিষয়টি তাদের অগোচরে ছিল। মইয়ের ওপর উঠে কাজ করার সময় অসাবধানতাবশত আহাদুল ইসলাম ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় তিনি ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ঘটনাটি সম্পর্কে আমি এখনও অবগত নই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top