মাদকসংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর বাকলিয়ায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুস সোবহান (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহতের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাতে নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আমির হোসেন প্রকাশ বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫)।

পুলিশ জানিয়েছে, রাত ১২টার দিকে শওকত গ্রুপের কয়েকজন সদস্য আব্দুস সোবহানের বাড়ির সামনে গলির মুখে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুস সোবহান নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির নুর ইসলামের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুস সোবহানকে হত্যার ঘটনায় অভিযান চালিয়ে আমির হোসেন প্রকাশ বুলেট ও মোমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশে তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করেন। হত্যাকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, নিহত আব্দুস সোবহানের বিরুদ্ধে অতীতে একাধিক মাদক ও হত্যা মামলার অভিযোগ ছিল বলে জানা গেছে। ২০২৫ সালের ২৫ জুলাই বাকলিয়ার আরাকান রোডসংলগ্ন গাফফার কলোনি এলাকায় মাদক কারবারি মহিউদ্দিনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সোবহানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভাড়াটে খুনি দিয়ে বিদেশি অস্ত্রের মাধ্যমে মহিউদ্দিনকে হত্যা করান সোবহান। পরে নিজেই পুলিশকে ফোন করে হত্যাকারীকে গ্রেপ্তারে এবং অস্ত্র উদ্ধারে সহায়তা করেন। তবে শেষ পর্যন্ত ওই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ৮ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top