উখিয়ার সীমান্তে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, গ্রেপ্তার ৪

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে আধিপত্য বিস্তার ও মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কিন্তু ধরাছোঁয়ার বাইরে মাস্টারমাইন্ড গ্রুপ লিডার। এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল ও ৪১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন প্রকাশ মুন্না, আরফাত হোসাইন ও আবু তাহের।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে একটি এবং দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মিয়ানমার সীমান্তসংলগ্ন অবস্থানের সুযোগ নিয়ে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে প্রতিরাতে বিপুল পরিমাণ ইয়াবা দেশে প্রবেশ করছে। এসব মাদকের একটি বড় অংশ রোহিঙ্গা আশ্রয়শিবিরে সরবরাহের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। এই মাদক কারবারের পেছনে প্রভাবশালী একাধিক সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজের নামও উঠে এসেছে।

স্থানীয়দের দাবি, ইয়াবা আমদানি ও সরবরাহের নিয়ন্ত্রণ নিয়ে কিছুদিন ধরে আরেক মাদক কারবারি এবং উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নালের সঙ্গে আবুল ফয়েজের বিরোধ চলছিল। মাদকের চালান নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ ক্রমেই তীব্র হয়। এরই ধারাবাহিকতায় উভয় পক্ষের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

উখিয়া থানার ওসি মো আতিকুর রহমান মজুমদার বলেন, বটতলী স্টেশনে গোলাগুলির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল ও ৪১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top