গণটয়লেটের কমোডে সদ্যজাত সন্তান ফেলে গেলেন এক কিশোরী!

ঈদগাঁও প্রতিনিধি: ​কক্সবাজারের ঈদগাঁওয়ে গণটয়লেটের কমোডে এক সদ্যজাত সন্তানকে ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক কিশোরীর বিরুদ্ধে। স্থানীয়রা নবজাতক ওই শিশুকে উদ্ধারের পর এলাকায় তৈরী হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

সোমবার (৯ নভেম্বর) রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী ট্রাক পার্কিং স্থলের গণটয়লেট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

​স্থানীয়রা জানান, সোমবার রাতে এক কিশোরী বটতলী স্টেশনের এক ফার্মেসিতে ওষুধ বা পরামর্শের জন্য এসেছিলেন। সেখানে হঠাৎ তার শারীরিক অসুস্থতা দেখা দিলে সে পাশ্ববর্তী ট্রাক পার্কিংস্থলে থাকা গণটয়লেটে যায়। এরপর কি ঘটেছে তা কেউ জানেনা। একটু পরে অপর এক লোক প্রাকৃতিক প্রয়োজন সারতে টয়লেটে গেলে কমোডের ভেতরে সদ্য এক নবজাতকের কান্নার শব্দ পেয়ে লোকজনকে জানায়। তারা গিয়ে নবজাতককে উদ্ধার করে।

​প্রত্যক্ষদর্শীদের ধারণা, টয়লেটের ভেতরেই ওই নারী সন্তান প্রসব করে নবজাতকটিকে কমোডের ভেতরে ফেলে দিয়ে দ্রুত সটকে পড়েন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি এ অমানবিক ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ১০টার দিকে বটতলী স্টেশনে অবস্থান করা অবস্থায় পাশের টয়লেটে এক নবজাতকের সন্ধান পাওয়া গেছে শুনি। পরে পার্কিং কর্মচারী অতি কষ্টে কমোড থেকে রক্তাক্ত জীবিত এক নবজাতক পুত্র সন্তান উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, অপরিণত অবস্থায় সন্তান জন্ম দেয়া অজ্ঞাত সেই নারী আদতে একজন কিশোরী। তিনি নিজেও পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার প্রাথমিক পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার এ বিষয়ে বলেন, তরুণীর পরিচয় পাওয়া গেছে। ১৬ বছর বয়সী উক্ত কিশোরী স্থানীয় এক স্কুলের দশম শ্রেণির ছাত্রী।  যে পুরুষের সাথে অনৈতিক সম্পর্কের কারণে বাচ্চাটি ভূমিষ্ট হয়েছে সে পুরুষ আদতে বিবাহিত। উক্ত পুরুষের পরিচয়ও আমরা নিশ্চিত করেছি।

যেহেতু বাচ্চাটিকে অপরিণত বয়সে গর্ভপাত করা হয়েছে, সেহেতু সে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং মা পাশ্ববর্তী অপর এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা সুস্থ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/সেলিম/জেএইচ

Scroll to Top