চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা বন্ধ হওয়ার আশঙ্কায় মানববন্ধন করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্যান্ডরের ডায়ালাইসিস সেবাগ্রহীতা রোগী ও তাঁদের স্বজনেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে চমেক হাসপাতালের স্যান্ডর ডায়ালাইসিস কেন্দ্রে ২৭৬ জন রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সরকারি ভর্তুকির কারণে প্রতিবার মাত্র ৬২১ টাকায় ডায়ালাইসিস করার সুযোগ পাচ্ছেন রোগীরা। অথচ বেসরকারি হাসপাতালে একই সেবা নিতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হয়। একজন রোগীর সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালাইসিস প্রয়োজন হওয়ায় বেসরকারি ব্যবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া অনেকের পক্ষেই অসম্ভব।
মানববন্ধনে অংশ নেওয়া এক রোগীর স্বজন বলেন, এখানে যারা ডায়ালাইসিস করেন তাঁদের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল।এই কেন্দ্র বন্ধ হয়ে গেলে তাঁরা কোথায় যাবেন? অনেকের পক্ষেই বাইরে গিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই আমরা চাই, সরকার দ্রুত স্যান্ডরের সঙ্গে চুক্তি নবায়ন করে এই সেবা চালু রাখুক।’
সমাবেশে উপস্থিত আরেক রোগীর স্বজন জানান, এই কেন্দ্রে কর্মকর্তা, টেকনিশিয়ানসহ সব কর্মীর সেবার মান ভালো। দীর্ঘদিন ধরে রোগীরা এখান থেকে স্বল্প খরচে চিকিৎসা নিচ্ছেন। সরকার যদি কেন্দ্রটি অন্য কোথাও স্থানান্তর করতে চায়, তাহলে আগে বিকল্প ব্যবস্থা চালু করতে হবে। নতুন ব্যবস্থায় একই মানের সেবা ও বর্তমান খরচ বহাল রাখতে হবে। বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে কোনোভাবেই এই কেন্দ্রের সেবা বন্ধ করা উচিত হবে না।
তাঁদের দাবি, চট্টগ্রাম ও ঢাকায় স্যান্ডরের মাধ্যমে প্রায় ৫০০ রোগী স্বল্প খরচে ডায়ালিসিসের সুযোগ পাচ্ছেন। চমেক হাসপাতালের নিজস্ব জনবল সংকটের কারণে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পুরো সেবার দায়িত্ব তুলে দিলে চিকিৎসার মান ও ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বর্তমান কেন্দ্রেই স্যান্ডরের মাধ্যমে সেবা অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।
এদিকে, সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। এই সময়ে কিডনি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (১০ নভেম্বর) স্যান্ডরের সঙ্গে ডায়ালাইসিস চুক্তির মেয়াদ শেষ হবার বিষয়ে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি জানান।
প্রসঙ্গত, ১৯ নভেম্বর সরকারের সঙ্গে স্যান্ডরের ১০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসএ






