চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় নিরুপন চাকমা নামে এক যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ সোমবার (৯ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নিরুপন চাকমা খাগড়াছড়ি পৌর এলাকার অপর্ণা চৌধুরী পাড়ার বাসিন্দা। তিনি দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নিরুপন চাকমা। পথে কৃষি গবেষণা এলাকায় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পিকআপটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। এ সময় স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে পিকআপটি আটক করতে পারলেও চালক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






