চাটগাঁ নিউজ ডেস্ক : মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ২২ বছর বয়সী এক তরুণী। পাশের বাসার লোকজন দরজা খুলতে ব্যর্থ হয়ে ফোন করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে দরজা ভেঙে ওই তরুণীকে জীবিত উদ্ধার করা হয়।
শনিবার (৭ নভেম্বর) রাতে চট্টগ্রামের বায়েজিদ থানার মোহাম্মদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, শনিবার রাতে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে পাশের বাসার এক তরুণীর আত্মহত্যার চেষ্টার বিষয়টি জানান। তিনি বলেন, ওই তরুণী ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। প্রতিবেশীরা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
কল পাওয়ার পরপরই ৯৯৯ থেকে বায়েজিদ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তরুণীকে জীবিত উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে রাগারাগির পর ওই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ৯৯৯-এর কলটেকার মো. ফাহিম শিকদার ফোনটি গ্রহণ করেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয় ও তদারক করেন ৯৯৯-এর ফায়ার ডিসপ্যাচার ফায়ার ফাইটার মো. আল আমিন।
দ্রুত সময়ে জরুরি সেবার সমন্বয়ে তরুণীকে জীবিত উদ্ধারের ঘটনা ঘটেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চাটগাঁ নিউজ/এসএ






