রাজস্থলী সদর হাসপাতালে অনিয়মের সত্যতা যাচাইয়ে দুদকের অভিযান

রাজস্থলী প্রতিনিধি: রাঙামাটি রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোগীদের দেওয়া অভিযোগের সত্যতা যাচাইয়ে এই অভিযান পরিচালিত হয়।

আজ রবিবার (৮ নভেম্বর) সকাল ১১ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই অভিযান চালায় দুদক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিযান চালান দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের ৫ জন সদস্য। তারা দুদকে রোগীদের দেওয়া অভিযোগ ও একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার সদর হাসপাতালে অভিযানে যান। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন নথি যাচাই করেন। এ ছাড়াও তারা হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলেন।

অভিযানে দুদকের কর্মকর্তারা সরকারি ওষুধ কেনা ও বিতরণসহ নানা অনিয়মের সত্যতা প্রাথমিকভাবে পেয়েছেন বলে জানা গেছে।

দুদকের অভিযানের বিষয়ে রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রাঙামাটি জেলা দুদকের জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ ও রোগীদের একাধিক অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে রাজস্থলী সদর হাসপাতালে অভিযানে যায় দুদকের একটি চৌকস দল।

প্রাথমিকভাবে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া গেছে। সেগুলো যাচাই করে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে লিখিতভাবে পাঠানো হবে। পরবর্তীতে নিয়মমতো আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/মিন্টু/জেএইচ

Scroll to Top