বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের এক মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসিম আল ইমন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের এক মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন।

এতে তিনি লেখেন, ‘বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরত্বে বোয়ালখালীর মাটিতে ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিল করলাম।’

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা ওয়াসিম আল ইমন এর নেতৃত্বে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের থানা রোডের মুরাদ মুন্সির হাট এলাকায় এ মিছিলটি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত ব্যানার ব্যবহার করা হয়। এ সময় শেখ হাসিনার আগমন, জামায়াত-শিবিরবিরোধীসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘ফেসবুকে দেখতেছি মিছিলের ভিডিও, কোথায় হয়েছে কিন্তু খুঁজে পাচ্ছি না।মিছিলে অংশগ্রহনকারিদের চিহ্নিত করে গ্রেফতারের  জন্য আমাদের একাধিক টিম কাজ করতেছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/জেএইচ

Scroll to Top