জিয়াউর রহমানের দর্শন ছিল সবার সাথে বন্ধুত্ব: চবি উপাচার্য

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ছিল কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। তবে দেশ পরিচালিত হবে জনগণের সিদ্ধান্তের আলোকে।

আজ শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির প্রধান অর্জন জাতীয়তাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী দর্শনের সৃষ্টি হয়েছিল। এ দর্শনের ভিত্তি ছিল ধর্মীয় মূল্যবোধ, বহুদলীয় গণতন্ত্র ও সার্বভৌমত্ব।

আলোচনা সভায় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের জটিল ও সংকটপূর্ণ পরিস্থিতিতে দেশের অখণ্ডতা রক্ষা ও জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনন্য ভূমিকা পালন করেছিলেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভ্যন্তরীণ টানাপোড়েনের একপর্যায়ে খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থান ঘটে। এ সময় সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী করা হয়। এর প্রতিবাদে ৭ নভেম্বর সাধারণ সৈনিকদের পাশাপাশি জনগণও রাস্তায় নেমে আসে। ইতিহাসে এ ঘটনা ‘সিপাহি-জনতার অভ্যুত্থান’ হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে।

উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, বিভাগের সভাপতিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top