সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপারসহ দুইজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬)। তিনি রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার মো. মহসিন আলীর ছেলে। নিহত হেলপারের নাম মো. সোহরাব (৩৫)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রংপুর থেকে মালামালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে পন্থিছিলা বড়ুয়া পাড়া এলাকায় একই লেনে চলাচলকারী একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায়। চালক ও হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেন। পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ






