বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে টুকটুক টেম্পো ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আরকান সড়কের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আপেল আহমদের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কালুরঘাটের দিকে যাচ্ছিল। পথে আপেল আহমদের টেক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টুকটুক টেম্পোর সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ছয়জন আহত হন।
আহতরা হলেন— পশ্চিম কধুরখীলের আবদুল মাঝির বাড়ির আহমদ মিয়ার ছেলে ইলিয়াস (৬৫), পটিয়ার চরকানাই এলাকার কাসেম মাস্টারের বাড়ির খায়ের আহমদের ছেলে সিএনজি অটোরিকশাচালক আনোয়ার হোসেন (৩২), পশ্চিম গোমদণ্ডীর গোয়াজ তালুকদারের বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে জেবল হোসেন (৭৫), কধুরখীলের আবদুল মাঝির বাড়ির ইলিয়াসের ছেলে এমরান (৩৮), এসকান্দরের ছেলে নেছারুল আলম (৫০) এবং ইলিয়াসের স্ত্রী ছেমনারা বেগম (৬০)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মে খাইর মারজান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/জেএইচ






