লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে চাপোড়া নামক একটি খালের গতিপথ পরিবর্তন করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে স্থানীয় সরওয়ার কামালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) লোহাগাড়া থানার উপ-পরিদর্শক আজিজুল হাকিম লিটন বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ১৫(১) ধারায় মামলাটি করেন।
একইদিন বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জঙ্গল পদুয়া গ্রামের উলুবনিয়া এলাকার চাপোড়া খাল ও তার পার্শ্ববর্তী পাহাড় থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি শ্যালো মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় মামলাটি রুজু করা হয়।
মামলার আসামিরা হলেন- সরওয়ার কামাল (৪২), হুবায়ের (৩৬), মো. জিয়াবুল (৪২), ভুট্টো (৩৭), মো. রাকিব (২৫) ও মো. শফিক (৩০)। তাদের প্রত্যেকের বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সরওয়ার কামালের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে চাপোড়া খাল ও পার্শ্ববর্তী পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বন বিভাগের পদুয়া রেঞ্জ যৌথ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে সাথে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তারা সেখানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ফেলে যান।
পরে ঘটনাস্থল থেকে সাক্ষীদের উপস্থিতিতে দুটি শ্যালোমেশিন, একটি লোহার তৈরি পাম্প এবং দুটি সবুজ রঙের হার্ড প্লাস্টিকের সাকশন পাইপের কাটা অংশ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে’।
অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/জেএইচ






