মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৮

চাটগাঁ নিউজ ডেস্ক : চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আট পাচারকারী আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ১টি বোটসহ ৮ পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সাব্বির আলম সুজন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top