চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে জিতু চৌধুরী (৩০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।
আজ রবিবার (২৫ অক্টোবর) বিকেলে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
জিতু চৌধুরী নগরের ডবলমুরিং থানার ২৮ নম্বর দক্ষিণ পাঠানটুলী ওয়ার্ডের গোসাইলডাঙা এলাকার বাসিন্দা। তার বাবার নাম পরিমল চৌধুরী এবং মায়ের নাম লাভলী চৌধুরী।
সদরঘাট নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যরা জানান, গত ২২ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর জিতু নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ






