সাতকানিয়ায় কিশোরীকে পালাক্রমে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ খাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে আজ রবিবার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মো. ইমন (২৩) ও নুরুল আবছার (৩৮)।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাবা মারা যাওয়ার পর সে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করত। গত (২০ অক্টোবর) মায়ের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী এক নারী তাকে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। সেখানে তাকে পানির সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ খাইয়ে অচেতন করার পর গ্রেপ্তার ইমন ও আবছার পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর মা রাশিদা বেগম অভিযোগ করে বলেন, ইমন অন্য আসামিদের সহযোগিতায় তার মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারায় সাতকানিয়া থানায় মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top