এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৪ অক্টোবর) রাতে এ কথা জানানো হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ফল প্রকাশের প্রক্রিয়া, ফল জানার পদ্ধতি এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়।

পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top