লড়াইয়ের পুঁজি পেলো না বাংলাদেশ, মাত্র ১৬০ রানে অলআউট

ক্রীড়া ডেস্ক: ফাইনালের টিকিটের সমীকরণ তো বহুদূর, আফগানিস্তানের বিরুদ্ধে ন্যূনতম লড়াইটুকুও গড়ে তুলতে পারল না বাংলাদেশ ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অলিখিত সেমিফাইনালে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে মাত্র ১৬০ রানেই গুটিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (২১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে ম্যাচ জয়ের পাশাপাশি অন্তত ৪১ রানের ব্যবধান বজায় রাখার কঠিন সমীকরণ পূরণ করতে হতো। তবে ম্যাচের শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয় বাংলাদেশের। তানজিদ হাসান তামিম (১), গোল্ডেন ডাক পাওয়া সৌম্য সরকার (০), নাজমুল হোসেন শান্ত (১৫) ও শূন্য রানে সাজঘরে ফেরা ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়ের ব্যর্থতার দিনে কেবল একপ্রান্ত ধরে লড়াই চালান ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।

পঞ্চম উইকেটে তাদের ৯২ রানের জুটিতে ভর করে কিছুটা সম্মানজনক স্কোরের আশা জাগে। তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন ৯৬ বলে সর্বোচ্চ ৭০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এবং সাইফ হাসান করেন ৮২ বলে ৪১ রান।

তবে মধ্যভাগের এই প্রতিরোধ ভাঙতেই শেষ দিকে রশিদ খানের ঘূর্ণি জাদুতে মুহূর্তের মধ্যে ধসে পড়ে বাংলাদেশের বাকি উইকেটগুলো। ৪১.২ ওভারেই ১৬০ রানে থামে বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে রশিদ খান ৩১ রানে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া ইয়ামিন আহমাদজাই ও আজমাতউল্লাহ ওমরজাই ২টি করে উইকেট নেন।

আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১৬১ রান। এই অল্প পুঁজি নিয়ে বোলাররা কোনো অবিশ্বাস্য মিরাকেল ঘটাতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top