অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি টাকা ঘাটতির ঘটনায় দুদকের মামলা

চাটগাঁ নিউজ ডেস্ক : এক হাজার টাকার নোটের বান্ডেলের ভেতরে ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট ঢুকিয়ে রাখার কৌশলে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় অগ্রণী ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা ও এক সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী ও ওই কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের লালদীঘি পূর্ব করপোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং তাঁর সহযোগী ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীর (২৫)।

দুদকের এজাহার সূত্রে জানা যায়, ব্যাংকটির ক্যাশ ও ভল্টের দায়িত্বে ছিলেন কামরুল হোসেন। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত সময়ে তিনি বিভিন্ন কৌশলে ভল্ট থেকে টাকা সরিয়ে নেন।

আত্মসাতের বিষয়টি আড়াল করতে এক হাজার টাকার নোটের বড় বান্ডেলের মধ্যে ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট ঢুকিয়ে রাখতেন। এতে বাইরে থেকে বান্ডেলগুলো স্বাভাবিক মনে হলেও প্রকৃত অর্থের হিসাবে ঘাটতি থেকে যেত।

গত ৯ আগস্ট ব্যাংকিং লেনদেন শেষে নিয়মিত ক্যাশ ও ভল্টের হিসাব মেলাতে গিয়ে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি ধরা পড়ে। এ সময় ব্যাংক কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে কামরুল সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরে পুলিশি জিজ্ঞাসাবাদে কামরুল স্বীকার করেন, ভল্ট থেকে সরানো টাকা তাঁর সহযোগী জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে স্থানান্তর করা হয়েছিল। আত্মসাৎ করা অর্থ দিয়ে তাঁরা যৌথভাবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। খামারটিতে বর্তমানে ৫০ থেকে ৬০টি বিভিন্ন জাতের গরু রয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট কামরুল ও তানভীরকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের করা মামলাটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় এর কেস ডকেট পরে দুদকে হস্তান্তর করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের চূড়ান্ত অনুমোদনের পর ১৯ অক্টোবর নতুন মামলাটি রেকর্ড করা হয়।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির মাধ্যমে ব্যাংকের ভল্ট থেকে অর্থ সরানো এবং সেই অর্থ খামার গড়ে তুলতে ব্যবহারের অভিযোগ তদন্তের আওতায় এসেছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top