সীতাকুণ্ডে যুবদলকর্মী হত্যা: ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার প্রধান আসামিসহ ৬
অস্ত্র উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু তোলার ভাগবাটোয়ারা নিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদলকর্মী তারেক হোসেন বাপ্পি (২৬) হত্যার ঘটনায় প্রধান আসামি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এলজি, রিভলভার ও পিস্তল উদ্ধার করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আজ রোববার (১৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

গ্রেফতার আসামিরা হচ্ছেন- উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আরিফ হোসেন (২৯), ফখরুল ইসলাম (৩২), মো. ইফতেখার (৩৫), আব্দুল মান্নান (২৮), আরিফুল ইসলাম জাবেদ এবং মো. রনি।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের অলিনগর গ্রামে এলাকার আধিপত্য বিস্তার এবং সাগর থেকে বালু উত্তোলনের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তারে মরিয়া আরিফ গ্রুপ এবং সাদ্দাম গ্রুপ নামে দু’টি পক্ষ। তাদের দীর্ঘদিনের এই বিরোধের জেরে মূলত খুন হন যুবদলকর্মী তারেক হোসেন বাপ্পি। এ ঘটনায় তাফসির আলম শাওন নামে আরো একজন আহত হন।

পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, পূর্ববিরোধের জেরে বাপ্পিকে নিজেদের আধিপত্য বিস্তারের পথে বাধা মনে করে অভিযুক্তরা তার ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তারা আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান নেন এবং বাপ্পির মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর অতর্কিত হামলা চালান। পরে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে হত্যা করা হয়। একই সময়ে বাপ্পিকে উদ্ধারে এগিয়ে আসা শাওনও তাদের সশস্ত্র হামলার শিকার হন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পরপরই চট্টগ্রাম জেলা পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ এবং ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. আরিফ হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এলজি, একটি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয় বলেও জানান মাসুদ আলম।

চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ

Scroll to Top