পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় দুর্নীতি, অনিয়ম ও সরকারি সেবা পেতে হয়রানি বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। তাঁর উদ্যোগে উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বক্স স্থাপনের কাজ চলছে। এসময় অভিযোগ প্রমাণিত হলে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন তিনি।
আজ রোববার (১৮ অক্টোবর ) দুপুরে পটিয়া উপজেলা পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের কথা জানান সংসদ সদস্য এনামুল হক এনাম। প্রাথমিকভাবে উপজেলা ও পৌরসভার ৬০টি স্থানে এসব অভিযোগ বক্স স্থাপন করা হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, অভিযোগ বক্সে জমা পড়া অভিযোগ যাচাই-বাছাই করে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ, অনিয়ম এবং সরকারি সেবা প্রদানে গড়িমসি ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংসদ সদস্য আরো বলেন, জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন, আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/ওবায়দুল/জেএইচ






