চাটগাঁ নিউজ ডেস্ক: ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে গেছে একটি ভারতীয় উড়োজাহাজের। পরে ঢাকায় জরুরি অবতরণ করলে জানা যায় এটি ছিল একটি ‘এয়ার অ্যাম্বুলেন্স’। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের পর সেখানে থাকা এক অসুস্থ নারীকে দ্রুত নিকটস্থ রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আজ রোববার (১৮ অক্টোবর) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন।
এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, ওই রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতীয় নাগরিক। তার সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় উল্লেখ রয়েছে।
যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।
জানা গেছে, মাঝ আকাশে দরজা খুলে যায়। এ সময় এয়ার অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজনরা সাহসিকতার সঙ্গে দরজাটি ধরে রাখেন। পরে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর রোগীকে দ্রুত নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।
তবে কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ






