চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে স্ত্রী হত্যার মামলায় স্বামী মো. নাছির উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মো. নাছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, নিহত জেসমিন আক্তার করপুন আসামি নাছির উদ্দিনের স্ত্রী ছিলেন।
২০২০ সালের ২২ মে রাতে তাদের মধ্যে ঝগড়া ও ধস্তাধস্তির একপর্যায়ে নাছির তার স্ত্রীর গলা চেপে ধরেন। এতে জেসমিনের মৃত্যু হয়। পরদিন সকালে তিন শিশুসন্তানকে রেখে তিনি পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই মো. জহিরুল ইসলাম প্রকাশ সুমন মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছিল, গরু কেনার কথা বলে স্ত্রীর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন নাছির।
চাটগাঁ নিউজ/এসএ






