ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর ফারুক উদ্দিন (৫০) নামে এক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিয়নের মুফতি বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়। ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফারুক উদ্দিন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে বাড়ির সামনের পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়।
জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারুক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি নিয়ে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এসএ






