আনোয়ারায় প্রতিমা তৈরীর শিল্পালয়ে হামলা, আহত ১

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় শারদীয় দূর্গাপুজার প্রতিমা নিতে আসা গাড়ির সঙ্গে এক ভ্যান গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে প্রতিমা তৈরীর শিল্পালয়ে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এসময় প্রতিমা নিতে আসা বারখাইন ইউনিয়নের পদ্মাপুকুর পাড়ের অপু সরকার আকাশ (২২) নামে এক যুবক আহত এবং তৈরীকৃত প্রতিমা কার্তিকের হাত ভেঙ্গে দেয় হামলাকারীরা।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার জয়কালী বাজার লোকনাথ আশ্রমের পাশে গৌরী শিল্পালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পর আনোয়ারা পুলিশ ও এসআরবি ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রতিমালয়ের কারিগর কাঞ্চন চক্রবর্তীর স্ত্রী মুক্তা চক্রবর্তী বলেন, আমরা সকলে প্রতিমার রঙ ও সাজের কাজে ব্যস্ত। হঠাৎ করে ১০ থেকে ১৫ জন লোক আমাদের প্রতিমালয়ে ঢুকে প্রতিমা নিতে আসা আকাশ নামে ছেলেকে মারধর করে। এসময় আমরা তাকে বাঁচাতে এগিয়ে এলে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গালাগালি করে। এ সময়ে তৈরীকৃত প্রতিমা কার্তিকের হাত ভেঙে দেয় তারা।

হামলার শিকার অপু সরকার আকাশ বলেন, পূজার তৈরিকৃত প্রতিমা নিতে আমরা গৌরী শিল্পালয়ে আসি। সড়কের পুকুরপাড়ে কয়েকজন ভ্যান চালকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়, এর জের ধরে কিছুক্ষণ পর তারা ১০ থেকে ১৫ জন দলবদ্ধ হয়ে প্রতিমালয়ে এসে আমাদের ওপর হামলা করে।

আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ ধর বলেন, কথা-কাটাকাটির জেরে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। হামলাকারীদের প্রতিমালয়ের লোকজন প্রতিহত করায় বড় কোনো ঘটনা ঘটেনি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ২ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এঘটনায় পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top