মিরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশ মাছ জব্দ, একজনের কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক : মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে বারইয়ারহাট এলাকা থেকে প্রায় ৩৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত একটি ছোট কাভার্ড ভ্যানও আটক করা হয়।

অভিযানে আবু তাহের নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। অভিযানে প্রসিকিউশন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।

জব্দ করা ইলিশ মাছ ২৮টি এতিমখানা, বিতরণের সময় উপস্থিত ২৭ জন দুস্থ ব্যক্তি এবং মিরসরাই ইউনিয়নের পশ্চিম কিসমত জাফরাবাদ আশ্রয়ণ প্রকল্পের ৯১টি দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা মাছ এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে, যাতে মাছগুলো নষ্ট না হয়ে মানুষের উপকারে আসে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নির্ধারিত সময়ে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ থেকে বিরত থাকা জরুরি। ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top