চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় সংরক্ষিত বন মামলার পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজমকে (৩৫) গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরম্বা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গোলাম আজম চরম্বা ইউনিয়নের মাইজবিলা ৭ নম্বর ওয়ার্ড এলাকার আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, গ্রেফতারকৃত মাটি ব্যবসায়ী গোলাম আজম দীর্ঘ বছর ধরে চরম্বা ইউনিয়নে অবৈধভাবে পাহাড়, টিলা হতে মাটি বিক্রি ও খাল হতে বালু উত্তোলন করে বিক্রয় করে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করেন।
পুলিশ জানায়, বন আইনের ৩২৮ নম্বর মামলায় গোলাম আজমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকেই গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, সংরক্ষিত বন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/জেএইচ






