চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে শর্টগান, চাইনিজ পিস্তল, গুলি ও চাঁদা সংগ্রহের তালিকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে আলিনগরের বাহাদুর ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়। আজ শুক্রবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রাসেল (৩০), মো. মোরশেদ (৩৩), মো. বাবু (৩২) ও মো. সাব্বির (৩২)।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি শর্টগান, একটি চাইনিজ পিস্তল, নয়টি সীসার বুলেট, ছয়টি কার্তুজ বুলেট, একটি টেঁটা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক এবং চাঁদা সংগ্রহের তালিকাসংবলিত একটি খাতা উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে আগে তিনটি অস্ত্র মামলা রয়েছে। মোরশেদের বিরুদ্ধে রয়েছে দুটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলা। অন্য দুই গ্রেপ্তার ব্যক্তি চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা বর্তমানে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার বিভিন্ন সমাজে বসবাস করছিলেন।
অভিযান ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গল সলিমপুর এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের সংশ্লিষ্টতা ও কর্মকাণ্ড সম্পর্কে আরও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি আরও জানান, দুর্গম পাহাড়ি এলাকা ও ঘন জঙ্গলের কারণে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা বেশ চ্যালেঞ্জিং। এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






