সীতাকুণ্ডে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক গৃহবধুর লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক সনাতনী গৃহবধুর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালের দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াল উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশে ক্ষেতের আইলের উপর শুয়ানো অবস্থায় এ লাশটি উদ্ধার করা হয়।

মৃত অজ্ঞাত ওই নারীর শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে জমির আইলের মাঝে দুই হাত কাপড় দিয়ে বাঁধা অবস্থায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। অজ্ঞাত ওই নারীর হাতে সাদা শঙ্খ থাকায় সে সনাতন ধর্মের এবং বিবাহিত বলে নিশ্চিত হওয়া গেছে।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৮ টার দিকে বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াল উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন পশ্চিম পাশে জমির আইলের উপর হাত বাঁধা অবস্থায় এক হিন্দু সম্প্রদায়ের গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তার নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই নারীর গায়ের রং শ্যামলা, পড়নে প্রিন্ট সেলোয়ার কামিজ ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে যেতে পারে।

লাশের ফিংঙ্গার ডিএনএ টেস্টের পর হত্যার আলামত ও পরিচয় পাওয়া যেতে পারে বলে জানান ওসি।

চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ

Scroll to Top