পটিয়ায় চার চাকার লেগুনার ধাক্কায় প্রাণ গেল শিশুর

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় একটি চার চাকার লেগুনার ধাক্কায় তাসপিয়া সুলতানা নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছৈয়দ নবী নামে স্থানীয় এক গ্রাম পুলিশও আহত হয়েছেন।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন টেক এলাকার একটি গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মায়ের কাছ থেকে ৫ টাকা নিয়ে বাদাম কিনতে যায় উক্ত শিশু। ফেরার পথে চট্টগ্রামমুখী চার চাকার লেগুনার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত তাসপিয়ার বাড়ি বাঁশখালিতে। তারা কয়েক মাস আগে জঙ্গলখাইন ইউনিয়ন নাইখাইন এর টেক এলাকায় ভাড়ায় বাসায় উঠে।

এদিকে ঘটনার পরপর স্থানীয়রা গাড়ি ও ড্রাইভারকে আটক করে। পরে পুলিশ এসে গাড়ি জব্দ করে এবং ড্রাইভারকে থানা হেফাজতে নেয়।

চাটগাঁ নিউজ/ওবায়দুল/জেএইচ

Scroll to Top