রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রায় ৮৩ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ অক্টোবর) ভোরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকোপার্ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ডাম্পার ট্রাকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে তৌহিদুল ইসলাম (২১) এবং শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাহেদুর ইসলাম নয়ন (২২)।
কাপ্তাই ব্যাটালিয়নের (বিজিবি-৪১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ইকোপার্ক এলাকায় একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটি থেকে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন এবং ১ হাজার ৮০০ প্যাকেট ওরিস ব্র্যান্ডের অবৈধ সিগারেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে অবৈধভাবে এই সিগারেটগুলো পাচার করা হচ্ছিল। চোরাচালান চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এ ঘটনায় জব্দকৃত সিগারেট ও ডাম্পার ট্রাকসহ আটক দুই যুবকের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরপূর্বক তাদের রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ






