চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন এবং উৎসব ভাতা বন্ধ রাখার প্রতিবাদে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের স্টাফরা।
বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে ব্যাংক শাখাটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় বেতন ও উৎসব ভাতা দ্রুত পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
চুয়েট স্টাফ সংগঠনের সভাপতি জামাল উদ্দিন বলেন, সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা বন্ধ করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। এ সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বেতন-ভাতা পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চুয়েটের মোট ১ হাজার ৮৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা আটকে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩৬৭ জন শিক্ষক, ২০৮ জন কর্মকর্তা এবং ৫১২ জন কর্মচারী রয়েছেন।
সূত্র জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ না করার নির্দেশ দিয়ে সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপকের কাছে চিঠি পাঠান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা দাবি করেন, টানা ১৫ দিন ধরে চলমান উপাচার্যবিরোধী আন্দোলনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ সংহতি জানানোর পরিপ্রেক্ষিতেই বেতন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বেতন ও উৎসব ভাতা আটকে যাওয়ায় দুর্গাপূজার আগে আর্থিক সংকটে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-কর্মচারীদের অনেকে। দ্রুত বেতন-ভাতা পরিশোধ না করা হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চাটগাঁ নিউজ/এমকেএন






