ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকায় দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন।

সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল আমিন সরদার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন। তিনি কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। আল আমিন মাদারীপুর সদর থানার উত্তর দুধখালী এলাকার আবদুল হক সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সোয়া ৬টার দিকে ওয়াসার মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তিন যুবককে থামার সংকেত দেওয়া হয়। তাদের একজন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ হিরণ মিয়া তাকে ধাওয়া করেন।

এদিকে কনস্টেবল আল আমিন মোটরসাইকেল নিয়ে পশ্চিম ফটকের দিকে এগিয়ে যান। ঠিক তখনই লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বাসটি তাকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

পরে চেকপোস্টে থাকা অন্য পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসটির চালককে আটক করেন। একই সঙ্গে বাসটিও জব্দ করা হয়।

এ ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ কনস্টেবল আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top