চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বন্দর রক্ষা কমিটি।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসূচিতে শ্রমিকদের উপস্থিতিও বাড়তে থাকে। একপর্যায়ে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচিতে টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। এতে বক্তব্য দেন জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ শ্রমিক নেতারা।
বক্তারা বলেন, বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এনসিটি চট্টগ্রাম বন্দরের অন্যতম লাভজনক টার্মিনাল। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার উদ্যোগ কোনোভাবেই যৌক্তিক নয়।
তাদের দাবি, এনসিটি বিদেশি অপারেটরের হাতে গেলে একদিকে বন্দরের শ্রমিকদের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে, অন্যদিকে দেশের প্রধান সমুদ্রবন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদেশি নিয়ন্ত্রণে যাওয়ায় জাতীয় নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে।
শ্রমিক নেতারা আরও বলেন, বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার সক্ষমতা রয়েছে। বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনা করলে আরও বেশি হ্যান্ডলিং ও রাজস্ব আয় করা সম্ভব বলেও দাবি করেন তারা।
এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।
চাটগাঁ নিউজ/এমকেএন






