ঈদগাঁওয়ে বাঁশঘাটা সড়কে যত্রতত্র ময়লা আবর্জনা, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ!

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফার্নিচার পল্লীখ্যাত বাঁশঘাটা সড়ক ও তার আশে-পাশে যত্রতত্র ফেলে রাখা ময়লা-আবর্জনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়রা। অপরদিকে ময়লা আবর্জনার কারনে বাড়ছে মশা বাহিত নানা রোগ বালাই, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ।

সোমবার (৫ অক্টোবর) সকালে সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে। এসময় ফার্নিচার পট্রির হাজার হাজার নারী-পুরুষ কাজের জন্য কারখানায় ছুটছিলেন নাক চেপে ধরে। ঠিক তখনই বাঁশঘাটা সড়কের উপর দেখা মেলে এক ভিন্ন ও অস্বস্তিকর চিত্র। সড়কের পাশে থাকা  ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনাগুলো একদল কুকুর টেনেহিঁচড়ে চারদিকের রাস্তায় ছড়াচ্ছে। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ফার্মেসী দোকানি আনছারুল করিম বলেন, এমন নোংরা পরিবেশ ব্যবসা তো দূরে থাক, দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মুশকিল হয়ে পড়েছে।

একাধিক ফার্নিচার ব্যবসায়ীদের অভিযোগ- এটি কোনো একদিনের ঘটনা নয়, প্রায় সময়ই রাস্তার পাশে ময়লা থাকে। কুকুরের দল সেগুলো টেনে পুরো রাস্তা নোংরা করে পরিবেশ নষ্ট করছে। অন্যদিকে, বহুতল দালানের ভাড়াটিয়া ও বাসিন্দাদের দায়িত্বজ্ঞানহীনতাকেও দায়ী করছেন সচেতন মহল।

অভিযোগ রয়েছে, সড়কের পাশের দোকানি ও ভবনের বাসিন্দারা যত্রতত্র এবং রাস্তার পাশে ময়লা ফেলে পরিবেশ মারাত্মকভাবে নষ্ট করছেন।

এ ব্যাপারে ব্যবসায়ীরা বাজার ইজারাদারের হস্তক্ষেপ কামনা করেছেন এবং উপজেলা প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে দ্রুত খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/সেলিম/জেএইচ

Scroll to Top