চাটগাঁ নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতা (রাষ্ট্র পরিচালনা) যাবে এনসিপির হাতে। এই ক্ষমতা বিএনপিতেও থাকবে না, জামায়াতের হাতেও যাবে না।
আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী স্থানীয় নির্বাচনে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের টাকা ব্যবহার করে কেউ পেশিশক্তি দেখাতে এলে অভ্যুত্থানের শক্তিরা তাদের টুঁটি চেপে ধরা হবে। যেখানে চাঁদাবাজি, রাহাজানি, লুণ্ঠন ও নারী নির্যাতন রয়েছে, সেখানে ঐক্যের কোনো সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে দুর্নীতির মহোৎসব চলেছিল, এখন আবার সেটি শুরু হয়েছে। তাই সীমান্তে পাহারা বসাতে হবে। আওয়ামী লীগ পালিয়ে যেতে পারলেও এসব চাঁদাবাজ যেন পালাতে না পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে এনসিপির এই নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও তারা ব্যর্থ করে দিতে চান। সবার আগে তাকে চেয়ার থেকে নামাতে হবে।
প্রবাসীদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে পাটওয়ারী বলেন, বিদেশে প্রবাসীরা নানা সমস্যার শিকার হচ্ছেন। বিদেশ যাওয়ার পথে অনেকে প্রতারিত হচ্ছেন, আবার অ্যাম্বাসিতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। জনগণ এসবের হিসাব চাইতে শুরু করলে ‘মাইর একটাও মাটিতে পড়বে না’।
চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, মহানগর শাখার সভাপতি মীর মোহাম্মদ শোয়াইব এবং যুবশক্তির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইফাত ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৮৮০ জন নতুন কর্মী এনসিপিতে যোগদান করেছেন বলে জানান আয়োজকরা।
চাটগাঁ নিউজ/এসএ






